জনসেবায় হয়রানি নয় : এমপি জালাল

জনসেবায় হয়রানি নয় : এমপি জালাল

উপজেলা সংবাদ মতলব উত্তর উপজেলা স্লাইড

মতলব উত্তর  : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে আরও দায়িত্বশীল, মানবিক ও সেবামুখী মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে সেসব বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতার মাধ্যমে পর্যায়ক্রমে সমস্যাগুলোর সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

বক্তব্যে সংসদ সদস্য বলেন, উপজেলার সব সরকারি দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা গেলে মতলব উত্তরকে আরও উন্নত, আধুনিক ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এজন্য প্রত্যেক কর্মকর্তাকে জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করতে হবে।

কৃষি খাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কৃষকদের স্বার্থ সর্বাগ্রে বিবেচনায় রাখতে হবে। নির্ধারিত মূল্যে এবং সময়মতো পর্যাপ্ত রাসায়নিক সার সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন, যাতে চাষাবাদে কোনো ধরনের বিঘ্ন না ঘটে এবং কৃষি উৎপাদন স্বাভাবিক থাকে।

তিনি আরও বলেন, অসাধু চক্রের কারণে কৃষকদের যেন কোনো ধরনের দুর্ভোগ পোহাতে না হয়, সে বিষয়ে প্রশাসনকে কঠোর নজরদারি বজায় রাখতে হবে। একই সঙ্গে মাদকদ্রব্যের বিস্তার রোধে প্রশাসনের আরও সক্রিয় ও কঠোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক মো. উজ্জ্বল ফরাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *