নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল— “তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে করি অঙ্গীকার, আজকের প্রত্যয়ে সুন্দর আগামীর গড়ি”।
রোববার (১২ জুলাই) চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এবং চাঁদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় এই জনশক্তিকে উৎপাদনশীল সম্পদে পরিণত করা সময়ের দাবি। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, তরুণদের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান এবং প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে একটি সচেতন, সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করার ওপর গুরুত্ব দেন তিনি।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সেলিম উল্যা সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান এবং চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
চাঁদপুর সদর উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার মো. রবিউল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন) শাহরিন আফরিন। জেলা পর্যায়ের শ্রেষ্ঠ কর্মীদের পক্ষে বক্তব্য দেন মানছুরা আক্তার।
পরে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফা কামাল।
অনুষ্ঠানের শেষপর্বে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়া জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও অন্যান্য অতিথিরা ঔষধ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

