হাইমচরে গ্রামীণ বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

হাইমচরে গ্রামীণ বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

উপজেলা সংবাদ স্লাইড হাইমচর উপজেলা

আবুল কালাম আজাদ : হাইমচর উপজেলা সদর আলগী বাজারের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও টেকসই করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সমন্বিত গ্রামীণ বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি বিষয়ক পাইলট কার্যক্রম’-এর আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বাজার বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি আধুনিক পদ্ধতিতে বর্জ্য সংগ্রহ ও অপসারণের বিষয়ে আলোচনা করা হয়।

স্থানীয় ব্যবসায়ী ও অন্যান্য অংশীজনকে সম্পৃক্ত করে আলগী বাজারের বর্জ্য সুনির্দিষ্ট ও পরিকল্পিতভাবে সংগ্রহ এবং দূরীকরণের জন্য একটি টেকসই কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

আলগী বাজারকে স্বাস্থ্যসম্মত, দুর্গন্ধমুক্ত ও পরিবেশবান্ধব মডেল বাজার হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বাড়িয়ে বর্জ্য ব্যবস্থাপনায় সবার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। অন্যান্য অতিথি ও বাজার বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যরাও এতে অংশ নেন।

আলোচনায় আলগী বাজারের দীর্ঘমেয়াদি বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরা হয়। পরে কার্যকর কর্মপদ্ধতি বাস্তবায়নের বিষয়ে অংশগ্রহণকারীরা অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *