শাহরাস্তিতে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

শাহরাস্তিতে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

উপজেলা সংবাদ শাহরাস্তি উপজেলা স্লাইড

শাহরাস্তি প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় হাজেরা বেগম (৪২) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মহিলা ওয়ার্ডে তার মৃত্যু হয়।

হাজেরা লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা বাজার ইউনিয়নের জামালপুর গ্রামের শেখের বাড়ির বাসিন্দা এবং আক্তার হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন লিভারের সমস্যায় ভুগছিলেন। শুক্রবার রাত সাড়ে ৮টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

স্বজনদের অভিযোগ, রাত সাড়ে ১০টার দিকে হাজেরার অবস্থার অবনতি হলে তারা কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়াঙ্কাকে বারবার রোগী দেখার অনুরোধ করেন। কিন্তু তিনি রোগীর কাছে না এসে নিজ কক্ষে মোবাইল ফোন ব্যবহার করছিলেন।

পরে চিকিৎসক রোগীকে তার কক্ষে নিয়ে আসতে বলেন। স্বামী একা সম্ভব নয় জানালে অক্সিজেন দেওয়ার পরামর্শ দেন। এর কিছুক্ষণ পরই হাজেরার মৃত্যু হয়।

নিহতের স্বামী আক্তার হোসেন অভিযোগ করেন, চিকিৎসক সময়মতো রোগীকে দেখে চিকিৎসা দিলে তার স্ত্রী বেঁচে যেতেন।

তবে হাসপাতালের কার্ডিওলজি কনসালট্যান্ট ডা. জয়ন্ত মালাকার বলেন, রোগীর আইসিইউ সাপোর্ট প্রয়োজন ছিল এবং লিভারের জটিল রোগের চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্ভব নয়।

অভিযুক্ত চিকিৎসক ডা. প্রিয়াঙ্কার সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল জানান, কর্তব্যে অবহেলা প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *