নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকীতে চাঁদপুর ড্যাফোডিলে সেমিনার

নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকীতে চাঁদপুর ড্যাফোডিলে সেমিনার

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

নিজস্ব প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে সেমিনার ও দেয়ালিকা প্রকাশের আয়োজন করা হয়েছে। নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও ধর্মীয় সম্প্রীতির চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় কলেজের অডিটোরিয়াম রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের গলায় উত্তরীয় পরিয়ে দেন সভাপতি। পরে শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’ পরিবেশন করেন। এতে অনুষ্ঠানস্থলে মননশীল ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

স্বাগত বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরের উপাধ্যক্ষ আই কে হেলাল। শুভেচ্ছা বক্তব্য দেন নজরুল গবেষণা পরিষদ, চাঁদপুরের সাধারণ সম্পাদক আব্দুল গনি।

সেমিনারে ‘নজরুল সাহিত্যে ধর্মীয় সম্প্রীতি: একটি পর্যালোচনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন একই বিভাগের সহযোগী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী। বিশেষ আলোচক ছিলেন লেখক ও পিএইচডি গবেষক মুহাম্মদ ফরিদ হাসান।

আলোচনায় বক্তারা নজরুলের সাহিত্যকর্মে সাম্য, মানবতা, ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন; মানবমুক্তি, সাম্য ও সম্প্রীতির পক্ষেও তিনি ছিলেন শক্তিশালী কণ্ঠস্বর। অন্যায়, বৈষম্য, সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাঁর সাহিত্য মানুষকে এখনো অনুপ্রেরণা দেয়। পরিবর্তনশীল সমাজবাস্তবতায় তাঁর সাহিত্য ও দর্শনের গুরুত্ব তাই অটুট।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ‘অনুপ্রেরণায় নজরুল’ শিরোনামের দেয়ালিকার মোড়ক উন্মোচন। শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাহিত্যচর্চা ও নজরুল-ভাবনার প্রতিফলন ঘটেছে দেয়ালিকাটিতে। এতে কবির জীবন, সাহিত্য, দর্শন ও মানবিক চেতনার নানা দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, চাঁদপুরের অধ্যক্ষ মো. নূর খান; ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, বাবুরহাট ক্যাম্পাসের উপাধ্যক্ষ মো. ফয়সাল আহমেদ ফরাজী; ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, চাঁদপুরের উপাধ্যক্ষ মো. রেজাউল করিম; ড্যাফোডিল গ্রুপের কর্পোরেট অফিসার মো. মাহবুবুল হোসাইন; সহকারী কর্পোরেট অফিসার মো. ইকবাল হোসেন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মুরাদ হোসেন।

এ ছাড়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরের অধ্যক্ষ জনাব ক্যাপ্টেন এস. আই. এম. জাহানইয়ার, বিএন (অব.)। সভাপতির বক্তব্যে তিনি নজরুলের জীবনাদর্শ ও সাহিত্যচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, অসাম্প্রদায়িক চেতনা ও সৃজনশীল মনন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর সাম্য, মানবতা ও সম্প্রীতির চেতনা ধারণের প্রত্যয়ের মধ্য দিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *