৯ বছর ধরে নিখোঁজ স্বামী, দুই সন্তান নিয়ে বিউটির সংগ্রাম

৯ বছর ধরে নিখোঁজ স্বামী, দুই সন্তান নিয়ে বিউটির সংগ্রাম

উপজেলা সংবাদ প্রধান সংবাদ শাহরাস্তি উপজেলা

সজল পাল : শ্রমিকের কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর ২০১৮ সালে নিখোঁজ হন জাহাঙ্গীর আলম। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ ৯ বছর। স্বামীর কোনো সন্ধান না মিললেও এখনো তাঁর ফিরে আসার আশায় দিন কাটাচ্ছেন স্ত্রী বিউটি আক্তার। দুই সন্তান ও স্বামীর বৃদ্ধ বাবা-মাকে নিয়ে অনিশ্চয়তার মধ্যেই চলছে তাঁর জীবনসংগ্রাম।

জাহাঙ্গীর আলমের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভোলদিঘী গ্রামের ইসলাম মাস্টারের বাড়িতে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তাঁর নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবারটি আর্থিক সংকটে পড়ে।

জাহাঙ্গীর ও বিউটি আক্তারের বড় মেয়ে মুসফিকা তন্নী। অভাব-অনটনের কারণে দশম শ্রেণির পর তাঁর পড়াশোনা বন্ধ হয়ে যায়। ছেলে জুবায়ের হোসেন বর্তমানে প্রথম শ্রেণিতে পড়ছে। সন্তানদের খাবার, পড়াশোনা ও ভবিষ্যতের প্রয়োজন মেটাতে প্রতিনিয়ত সংগ্রাম করছেন বিউটি আক্তার।

জাহাঙ্গীরের বৃদ্ধ বাবা জামাল হোসেন ও মা কোহিনুর বেগমও ছেলের অপেক্ষায় রয়েছেন। বয়সের ভারে নুয়ে পড়া এই বাবা-মায়ের একমাত্র আকুতি—মৃত্যুর আগে অন্তত একবার যেন প্রিয় ছেলেকে দেখতে পারেন।

নিখোঁজের পর দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও জাহাঙ্গীর আলমের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে স্বামী ও বাবার ফিরে আসার আশা এখনো ছাড়েননি বিউটি আক্তার, তাঁর দুই সন্তান এবং বৃদ্ধ বাবা-মা।

অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, সহযোগিতা পেলে দুই সন্তানকে নিয়ে বিউটি আক্তারের জীবনসংগ্রাম কিছুটা সহজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *