নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের পুরান বাজারে গরিব ও দুস্থ ১৫০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসাসেবা, ওষুধ, ড্রপ ও চশমা দেওয়া হয়েছে। সামাজিক সংগঠন ‘বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের ব্যক্তিগত উদ্যোগে সোমবার (৩১ আগস্ট) এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও সেবা দেন আব্দুল্লাহ অপটিকসের ব্যবস্থাপনা পরিচালক ডা. মিজানুর রহমান। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী ওষুধ, চোখের ড্রপ ও চশমা দেওয়া হয়।
স্থানীয়রা জানান, তানিয়া ইশতিয়াক খান দীর্ঘ ছয় বছর ধরে নিজস্ব উদ্যোগে বিভিন্ন পাড়া, মহল্লা ও ওয়ার্ডে স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের পাশাপাশি অসহায় রোগীদের চোখের ছানি অপারেশন ও নেত্রনালী অপারেশনের ব্যবস্থাও করে আসছেন তিনি।
বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা পেয়ে উপকারভোগী দুস্থ ও অসহায় রোগীরা তানিয়া ইশতিয়াক খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের মানবিক স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন ‘বিজয়ী’র স্বপ্নদ্রষ্টা আশিক খান, তরুণ সমাজসেবক সাদ্দাম হোসেন, টিম বিজয়ীর ভলান্টিয়ারবৃন্দসহ এলাকার সুধীজন।

