আবুল কালাম আজাদ : প্রধানমন্ত্রীর নির্দেশনায় চাঁদপুরের হাইমচর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নজরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকেরা।
আলোচনা সভায় ইউএনও মোঃ নজরুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার বংশবৃদ্ধি রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কর্মসূচির নির্ধারিত এলাকায় যায়।
পরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া ব্যক্তিরা উপজেলার নির্দিষ্ট স্থানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

