কচুয়ায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

কচুয়ায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

উপজেলা সংবাদ কচুয়া উপজেলা প্রধান সংবাদ

কচুয়া প্রতিনিধি : কচুয়া উপজেলায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে রোকসানা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল কালামকে গ্রেফতার করেছে কচুয়া থানা-পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার ১ নম্বর সাচার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কান্দিরপাড় এলাকায় মনির চেয়ারম্যানের বাড়ির সামনের পাকা সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোকসানা আক্তার ও আবুল কালামের মধ্যে দীর্ঘদিন আগে বিয়ে হলেও পরবর্তীতে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর রোকসানা অন্যত্র বিয়ে করেন। বিচ্ছেদের পর থেকেই আবুল কালাম ক্ষুব্ধ ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার দিন সকালে রোকসানাকে একা পেয়ে আবুল কালাম ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন রোকসানার চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রথমে সাচার রেনেসা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর কচুয়া থানা-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত আবুল কালামকে গ্রেফতার করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, খবর পাওয়ার পরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আবুল কালামকে আটক করে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *