আরিফুর রহমান / সোহেল : মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়নের আঁচলছিলা উচ্চ বিদ্যালয়ে নবগঠিত ৪ সদস্যবিশিষ্ট এডহক ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার অনুমোদনক্রমে গঠিত এ কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর ম্যানেজিং কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তোফায়েল আহমেদ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৫নং উপাদী উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মন্টু সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ডাঃ শফিউদ্দিন এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ মিয়া মজুমদার, সহকারী শিক্ষক আবুল হোসেন, মাসুদ আলম, ইয়াসমিন আক্তার, শিব শঙ্কর দাস, শিক্ষক প্রতিনিধি ও এডহক কমিটির সদস্য মোঃ কবির হোসেন, মোঃ মনজুর হেলাল, মোঃ হানিফ, মোঃ শরিফুল ইসলাম, মোঃ রাশেদুল ইসলামসহ শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ বিল্লাল হোসেন খান নবগঠিত এডহক কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, বিদ্যালয়ের উন্নয়ন, সুশাসন এবং শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই একটি দক্ষ, গ্রহণযোগ্য ও কার্যকর ম্যানেজিং কমিটি গঠন সম্ভব হবে।
তিনি আরও বলেন, একটি বিদ্যালয় কেবল পাঠদান নয়, আদর্শ নাগরিক গড়ে তোলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ লক্ষ্য অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অপরিহার্য।
সভাপতির বক্তব্যে তোফায়েল আহমেদ সরকার বলেন, শিক্ষা বোর্ডের অর্পিত দায়িত্ব সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পালন করা হবে। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বয়ে একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি জানান, সকলের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই একটি গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করা হবে, যা বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় উপস্থিত অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ নবগঠিত এডহক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে একটি স্বচ্ছ, যোগ্য ও গ্রহণযোগ্য ম্যানেজিং কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

