চাঁদপুরে রোটারি ক্লাবের শিক্ষাবৃত্তি ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান

চাঁদপুরে রোটারি ক্লাবের শিক্ষাবৃত্তি ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ ১

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের উদ্যোগে বৃত্তি প্রদান ও ভোকেশনাল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড–২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) রাত ৮টায় চাঁদপুর ক্লাব অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে জেলার ১৩ জন আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ অর্থসহ শিক্ষাবৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়। একই সঙ্গে নিজ নিজ পেশাগত ক্ষেত্রে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ চাঁদপুরের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ১২ জন কর্মকর্তাকে ভোকেশনাল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৬৫ বাংলাদেশ-এর অ্যাডিশনাল কো-অর্ডিনেটর (অ্যাডমিন) রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রোম্মান।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা এবং পেশাগত ক্ষেত্রে দক্ষতা ও সততার স্বীকৃতি প্রদান অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাব দীর্ঘদিন ধরে সামাজিক দায়িত্ব পালনে যে ভূমিকা রেখে আসছে, তা সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

অনুষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন রোটারিয়ান পিপি শেখ মনির হোসাইন বাবুল। সভাপতিত্ব করেন চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের সভাপতি রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান গিয়াসউদ্দিন মিলন, সাবেক সভাপতি ও সদস্যবৃন্দ, বিভিন্ন রোটারি ক্লাবের নেতৃবৃন্দ, চাঁদপুর চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

বক্তারা শিক্ষার প্রসার, মানবিক মূল্যবোধের বিকাশ এবং পেশাগত উৎকর্ষ অর্জনে রোটারির ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, মেধাবীদের সহায়তা এবং কৃতী ব্যক্তিদের সম্মাননা সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, শিক্ষাবৃত্তি প্রদান ও ভোকেশনাল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড—এই দুটি সিগনেচার কর্মসূচি চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাব গত ১৬ বছর ধরে ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *