টানা তিন ঘণ্টার ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, সাময়িক ভোগান্তিতে শহরবাসী

টানা তিন ঘণ্টার ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, সাময়িক ভোগান্তিতে শহরবাসী

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি বর্ষা মৌসুমে জেলার সর্বোচ্চ বৃষ্টিপাত। সোমবার (২০ জুলাই) দুপুরে টানা তিন ঘণ্টার ভারী বর্ষণে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে স্বাভাবিক জনজীবন ও যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

চাঁদপুর আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ কর্মকর্তা শাহ্ মো. শোয়েব জানান, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

সকালে হালকা বৃষ্টি হলেও দুপুরের পর হঠাৎ বৃষ্টির তীব্রতা বাড়ে। একই সময়ে শুধু জেলা শহর নয়, চাঁদপুরের বিভিন্ন উপজেলাতেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে।

শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অতিবৃষ্টির কারণে অনেক মহল্লার সড়কে হাঁটুসমান পানি জমে যায়। প্রধান সড়কসহ বিভিন্ন অভ্যন্তরীণ রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ দেখা দেয়।

ভারী বর্ষণের কারণে দিনের ব্যস্ত সময়ে অনেকেই প্রয়োজনীয় কাজে বের হতে পারেননি। কয়েক ঘণ্টার জন্য নগরজীবনের স্বাভাবিক কার্যক্রমও অনেকটা স্থবির হয়ে পড়ে। তবে বৃষ্টি কমে যাওয়ার পর ধীরে ধীরে জমে থাকা পানি নেমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

বর্ষা মৌসুমে স্বল্প সময়ে অতিবৃষ্টির ফলে চাঁদপুর শহরে জলাবদ্ধতার সমস্যা নতুন নয়। তবে চলতি মৌসুমে একদিনে এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত হওয়ায় নগরবাসীর দুর্ভোগ আরও স্পষ্ট হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *