মতলব দক্ষিণ প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ জন মাদক সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের চাঁদপুর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শনিবার (২০ জুন) রাতে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে রোববার (২১ জুন) আদালতের নির্দেশে তাদের কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মতলব পৌরসভার বাইশপুর এলাকার আক্তার গাজীর ছেলে অনিক গাজী (২২), কলাদী এলাকার মো. জহিরের ছেলে সাব্বির হোসেন মিথন (২০), দশপাড়া গ্রামের মো. মানিক হোসেনের ছেলে রাইয়ান মাহামুদ (২০), ভাঙারপাড় গ্রামের মো. মনির হোসেনের ছেলে শাকিল (২৭), উপাধী গ্রামের মো. জাকিরের ছেলে মো. জাহিদ (১৯) এবং নরসিংদী সদর থানার বাঘদী গ্রামের মো. জুয়েলের ছেলে মো. সিয়াম (১৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। তিনি আরও জানান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

