মোঃ নাছির আহমেদ (সোহেল) : হাইমচরে “গ্রীন ভয়েস ইন্টারন্যাশনাল” সংগঠনের আয়োজনে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন শুক্রবার বিকেলে আলগী দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় আর্জেন্টিনা দল ২–১ গোলে ব্রাজিল দলকে পরাজিত করে। খেলা শেষে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে চারাগাছ বিতরণ করা হয়।
হাইমচর উপজেলার আলগী দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ প্রীতি ফুটবল ম্যাচ ও চারাগাছ বিতরণ কর্মসূচির মূল লক্ষ্য ছিল খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস ইন্টারন্যাশনালের প্রধান সমন্বয়ক অভি আহমেদ জুয়েল।
তিনি খেলা শুরুর আগে বলেন, এই আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করার পাশাপাশি প্রকৃতি রক্ষায় উদ্বুদ্ধ করা হচ্ছে। তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি তুলে ধরে বলেন, বাংলাদেশ বর্তমানে নদীভাঙন, অতিবৃষ্টি, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকির মধ্যে রয়েছে। এ পরিস্থিতিতে বেশি বেশি গাছ লাগানো ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসা জরুরি।
তিনি আরও বলেন, “আজকের এই আয়োজন শুধুমাত্র একটি ফুটবল ম্যাচ নয়, এটি একটি সচেতনতা আন্দোলন।”
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি ও সাংবাদিক হাসান আল মামুন। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন খেলোয়াড় সরদার মোঃ রাফি আমিন ও মোঃ ফিমন।
আর্জেন্টিনা দলের হয়ে অংশ নেন মোঃ শরীফ, শাকিল, কাজি মামুন, রাব্বি, রিয়াদ হোসেন, সিএম জাকির, ইমন, শাহাদাত, সবুজ হোসেন, ইসমাঈল হোসেন, আল-আমীন ও মাসুম।
অন্যদিকে ব্রাজিল দলের হয়ে খেলেন এমরান, মনির, তুশার, মিজান, পিফান, সাদ্দাম, ইকরাম, মাহিম, রাসেদ, রহিম ও মামুন।
উত্তেজনাপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা দল ২–১ গোলে ব্রাজিল দলকে পরাজিত করে জয়লাভ করে।
খেলা শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে সকল খেলোয়াড়কে একটি করে চারাগাছ উপহার দেওয়া হয়।

