স্টাফ রিপোর্টার : চাঁদপুরে বালুবাহী নৌযান মালিকদের সংগঠন চাঁদপুর বালুবাহী নৌযান মালিক সমবায় সমিতি লিমিটেড-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হবে। রোববার (২১ জুন) সকালে ট্রাকঘাটস্থ সমিতির কার্যালয়ে নির্বাচনী তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নির্বাচনে মনোনয়নপত্র বিক্রয়, দাখিল, যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি ও ভোটগ্রহণসহ পুরো প্রক্রিয়ার সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮, ২৯ ও ৩০ জুন সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রয় ও বিতরণ করা হবে।
মনোনয়নপত্র পাওয়া যাবে সমিতির কার্যালয় (ট্রাকঘাট, নতুনবাজার), চাঁদপুর সদর উপজেলা সমবায় কার্যালয় এবং চাঁদপুর জেলা সমবায় কার্যালয় থেকে।
পরবর্তীতে ১ জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা সমবায় কার্যালয়ে নির্বাচন কমিটির নিকট মনোনয়নপত্র দাখিল করা যাবে।
২ জুলাই মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে। ৫ জুলাই বৈধ ও বাতিল মনোনয়নপত্রের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।
বৈধ বা বাতিল ঘোষিত প্রার্থীদের আপিল দাখিলের সুযোগ থাকবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত। এ সময় তারা জেলা সমবায় কর্মকর্তা, চাঁদপুরের নিকট আপিল করতে পারবেন। আপিলের শুনানি ও সিদ্ধান্ত ১২ জুলাই অনুষ্ঠিত হবে এবং ১৩ জুলাই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
১৪ জুলাই সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। একই দিন দুপুর আড়াইটায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হবে।
২১ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে ট্রাকঘাট, নতুনবাজারস্থ সমিতির কার্যালয়ে।
ভোট শেষে তাৎক্ষণিকভাবে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
তফসিল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. শাহাবুদ্দিন, মোহাম্মদ বিল্লাল হোসেন, নাজমুন্নাহার এবং আলমগীর হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মো. মিজানুর রহমান খান, সহ-সভাপতি হুমায়ুন কবির স্বপন, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান ভূঁইয়াসহ সমিতির অন্যান্য সদস্য ও সাবেক নেতৃবৃন্দ।

