পুরানবাজারের রওনাগোয়ালে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

পুরানবাজারের রওনাগোয়ালে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ ১

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের পুরানবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের রওনাগোয়াল (আবুল আখন বাড়ি) সংলগ্ন মেঘনা নদীর তীরে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ব্ল্যাক থান্ডার ২-১ গোলে স্পোটান এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত এই ফাইনাল ঘিরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

রওনাগোয়াল একাদশের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টটি স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা ও সামাজিক সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে, যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় গত ২৯ মে।

ফাইনাল ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় এবং জয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায়। তবে নির্ধারিত সময়ে ব্ল্যাক থান্ডার ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা ঘরে তোলে।

খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, যিনি ক্লীন চাঁদপুর-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবেও পরিচিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জিয়াউর রহমান সোহাগ এবং ফয়েজ আহমেদ। অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. সাইফুল ইসলাম। পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান গাজী।

খেলা পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন মো. আকতার হোসেন নান্টু। সহকারী রেফারি ছিলেন মো. মুরাদ গাজী ও ইমদাদ সরকার সাকিব। ধারাভাষ্যকার মো. শামীমের প্রাণবন্ত উপস্থাপনা পুরো ম্যাচে দর্শকদের উচ্ছ্বাস বাড়িয়ে দেয়।

ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফারিজ রহমান। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান সুজন হাওলাদার।

অনুষ্ঠান শেষে আয়োজক কমিটি অংশগ্রহণকারী দল, খেলোয়াড়, কর্মকর্তা, দর্শক ও স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে শপলজিস্ট বাংলাদেশ লিমিটেড (এসবিএল)-এর পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর এমডি ফারুক আলম ভবিষ্যতেও খেলাধুলা ও যুব উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *