মো: মহিউদ্দিন : ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে এসে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মো. সেলিম (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে মিছিল ও সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।
নিহত মো. সেলিম উপজেলার কালিরবাজারের একজন ব্যবসায়ী। তিনি ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দলীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিল ও সমাবেশে যোগ দেন সেলিম। কর্মসূচি চলার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান।
পরে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তীব্র হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
মো. সেলিমের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী সমাজ ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এদিকে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ।
শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

