ফরিদগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এসব কর্মসূচি আয়োজন করা হয়।
উপজেলার বিআরডিবি মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপুর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. হারুনুর রশিদ বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দল এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দল। দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও কল্যাণ প্রতিষ্ঠায় বিএনপি রাজনীতি করে আসছে।
তিনি নেতাকর্মীদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, যারা ধানের শীষের বিরুদ্ধে নির্বাচন করেছে, তারা আস্তে আস্তে পিছনের দিকে যেতে থাকবে।
সভায় প্রধান বক্তা ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেরও একটি স্মরণীয় দিন।
দলের নেতাকর্মীদের সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, পৌর বিএনপির মহসিন পাটওয়ারী, রফিকুল ইসলাম পাটওয়ারী ও জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান।
আলোচনা সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ফরিদগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আগে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে অতিথিরা মাছের পোনা অবমুক্ত করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এএম টুটুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন হাজী, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আলি মৃধা, নাজিম উদ্দিন ভূঁইয়া, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছবুর পাটওয়ারী রুবেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব শিবলু ও যুগ্ম আহ্বায়ক আল আমিন বেপারী।
এ সময় বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

