প্রধানমন্ত্রীর আগমন ঘিরে চাঁদপুরে সড়ক সংস্কারে প্রশংসিত সওজ বিভাগ

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে চাঁদপুরে সড়ক সংস্কারে প্রশংসিত সওজ বিভাগ

উপজেলা সংবাদ চাঁদপুর সদর শাহরাস্তি উপজেলা হাইমচর উপজেলা হাজীগঞ্জ উপজেলা

মোঃ মনির হোসেন : চাঁদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহে ব্যাপক মেরামত, সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজ সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ এবং চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক।

তারা বলেন, কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ (আর-১৪০) মহাসড়কের খাজুরিয়া বাজার হতে চাঁদপুর পর্যন্ত অংশ এবং হাজীগঞ্জ-শাহরাস্তী এলাকার কাকৈরতলা বাজার থেকে হাজীগঞ্জ দেবপুর পর্যন্ত সড়কে প্রয়োজনীয় মেরামত, পুনঃসংস্কার, সাইন-সিগন্যাল স্থাপন, সেতু ও কালভার্ট রংকরণসহ বিভিন্ন সৌন্দর্যবর্ধনমূলক কাজ অত্যন্ত দক্ষতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে।

এ সকল উন্নয়নমূলক কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধান ও কার্যকর নেতৃত্ব প্রদান করেন সড়ক ও জনপথ বিভাগ, চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোহাঃ ইউনুস আলী। তাঁর দক্ষ পরিকল্পনা, সময়োপযোগী উদ্যোগ ও নিরলস পরিশ্রমের ফলে নির্ধারিত সময়ের মধ্যেই কাজসমূহ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সংসদ সদস্যরা আরও বলেন, সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরের আন্তরিক প্রচেষ্টার কারণে জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত, নিরাপদ ও যান চলাচল উপযোগী হয়েছে। এতে মাননীয় প্রধানমন্ত্রীর সফর সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তারা সওজ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জেলার উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রযাত্রায় এ ধরনের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাহী প্রকৌশলী মোহাঃ ইউনুস আলী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে জনগণের স্বার্থে সড়কসমূহ দ্রুত সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে। নিরাপদ ও উন্নত সড়ক যোগাযোগ নিশ্চিত করতে সওজ বিভাগ সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *