জাহাঙ্গীর আলম প্রধান : মতলব পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬৪ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮৫৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে এ বাজেট উপস্থাপন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কেএম ইশমাম।
ঘোষিত বাজেট অনুযায়ী, চলতি প্রস্তাবিত বাজেটের আকার গত অর্থবছরের তুলনায় ১৬ কোটি ২৫ লাখ টাকা বেশি। মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬৪ কোটি ২৪ লাখ টাকা এবং সমাপনী উদ্বৃত্ত ধরা হয়েছে ৭ লাখ ৮১ হাজার ৮৫৭ টাকা।
পৌরসভা সূত্রে জানা গেছে, মোট প্রস্তাবিত আয়ের মধ্যে উন্নয়ন খাতে ৫৬ কোটি ৫৭ লাখ টাকা আয় ধরা হয়েছে। এছাড়া আগের অর্থবছরের অবশিষ্ট অর্থ হিসেবে প্রারম্ভিক স্থিতি রাখা হয়েছে ৭ লাখ টাকা।
বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক কেএম ইশমাম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে নাগরিক সেবার মানোন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ সম্প্রসারণ, স্ট্রিট লাইট সচল রাখা এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ চলছে। তিনি বলেন, নাগরিকদের সহযোগিতায় মতলব পৌরসভাকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য “গ্রিন সিটি অ্যান্ড ক্লিন সিটি” হিসেবে গড়ে তোলাই প্রশাসনের লক্ষ্য।
তিনি আরও জানান, পৌরসভার সর্বোচ্চ করদাতাকে “প্লাটিনাম সদস্য” হিসেবে ঘোষণা করা হবে। পাশাপাশি ওই সদস্যকে পৌরসভার বিভিন্ন নাগরিক সেবা গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি মো. শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর, মতলব পৌরসভার সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রশিদ পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাংবাদিক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান এবং মতলব পৌর যুব জামায়াতের সভাপতি এম এ ইদ্রিস খানসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রায়হান, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ারুল ইসলাম, মতলব প্রেসক্লাবের আহ্বায়ক মো. আমির খসরু প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সুধীজন।

