সজল পাল : শাহরাস্তি উপজেলার খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি মো. আয়েত আলী ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মো. মোজাহের হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি ও কলেজের অভিভাবক সদস্য মাহবুব আলম, শাহরাস্তি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসাইন মিয়াজি এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মো. মাসুম বিল্লাহ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আকতারুজ্জামান।
বক্তারা বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে আত্মবিশ্বাস, অধ্যবসায়, শৃঙ্খলা এবং সময়ের যথাযথ ব্যবহারের কোনো বিকল্প নেই। একই সঙ্গে তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন, সৎ, আদর্শবান ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
শিক্ষার্থীদের পরীক্ষার আগে এমন বিদায় ও দোয়া অনুষ্ঠান তাদের মানসিকভাবে অনুপ্রাণিত করার পাশাপাশি আত্মবিশ্বাস বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন।

