দেশের টেকসই উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে পল্লী উন্নয়ন : মো. এরশাদ উদ্দিন

দেশের টেকসই উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে পল্লী উন্নয়ন : মো. এরশাদ উদ্দিন

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং বিআরডিবির সদস্যদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), চাঁদপুরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলেন, দেশের টেকসই উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে পল্লী উন্নয়ন। তিনি উল্লেখ করেন, গ্রামীণ অঞ্চলে কৃষি, পশুপালন, সেচ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য নাগরিক সুবিধার উন্নয়ন নিশ্চিত করা গেলে জাতীয় উন্নয়নের গতি আরও বেগবান হবে। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরের সমন্বিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা এবং চাঁদপুর সদর ইউসিসিএ লিমিটেডের সভাপতি মো. জসীম উদ্দীন খান বাবুল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), চাঁদপুরের উপপরিচালক মো. আল-আমিন।

বিআরডিবির কার্যক্রমের সুফলভোগীদের পক্ষে বক্তব্য রাখেন বাগাদী নানুপুর কৃষক সমবায় সমিতির সভাপতি জাকির হোসেন খান এবং তরপুরচন্ডী বৃত্তহীন মহিলা দলের ম্যানেজার সাবানী বেগম।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা, সমবায় সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে চাঁদপুর সদর উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর সদস্যদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *