মতলব উত্তর প্রতিনিধি : মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীতে বৈদ্যুতিক শক ডিভাইস ব্যবহার করে মাছ ধরার সময় মো. মিনহাজ (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে জনতা বাজার এলাকার নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মিনহাজ মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বালুচর গ্রামের মনির হোসেনের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি তাঁর মামা বিল্লালসহ কয়েকজন—শিবলু, আমির ও ইব্রাহিম—নৌকায় করে ধনাগোদা নদীতে ব্যাটারিচালিত বৈদ্যুতিক শক ডিভাইস ব্যবহার করে মাছ ধরছিলেন।
স্থানীয় এক ব্যক্তির বরাতে জানা যায়, মাছ শিকারের সময় শক ডিভাইসের মাধ্যমে ধরা একটি বড় মাছ ঝুড়ি থেকে পড়ে গেলে সেটি ধরতে মিনহাজ পানিতে লাফ দেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন এবং পানিতে পড়ে যান।
পরবর্তীতে তাঁর মামা বিল্লালসহ সহযাত্রীরা দ্রুত তাঁকে উদ্ধার করে সকাল ৬টা ১০ মিনিটের দিকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) ডায়েরি করা হয়েছে। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

