মোশারফ ফাউন্ডেশন টি-১০ কাপের জমজমাট ফাইনাল
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মোশারফ ফাউন্ডেশন টি-১০ কাপ-২০২৬ এর গ্র্যান্ড ফাইনাল। শনিবার (৯ মে) বিকেল ৩টায় কোড়ালিয়া ৪ রাস্তা সংলগ্ন মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচে মেঘনা ওয়ারিয়র্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আশার আলো একাদশ।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুরো মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাস। দুই দলের খেলোয়াড়রা ম্যাচজুড়ে দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। প্রতিটি মুহূর্তে দর্শকদের মাঝে ছিল বাড়তি উত্তেজনা ও আনন্দঘন পরিবেশ। টুর্নামেন্টটির আয়োজন করে কোড়ালিয়া ক্রিকেট একাদশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইন হাওলাদার। এ সময় টুর্নামেন্টের বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব) চাঁদপুরের সদস্য এবং মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্য।
তিনি বক্তব্যে বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজের একটি অংশ মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে ঝুঁকে পড়ছে। এ অবস্থা থেকে যুব সমাজকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও ধর্মীয় মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, মোশারফ ফাউন্ডেশন চাঁদপুরে ক্রীড়া, শিক্ষা, স্বাস্থ্য ও নারী অধিকার নিয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এই টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় সফলভাবে আয়োজন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ অভি, জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খোকন মিজি, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হাওলাদার, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বাদল বেপারী এবং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ কালু রাঢ়ী। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়। ফাইনালে আশার আলো একাদশ ৯ উইকেটে ১৫২ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে। অপরদিকে রানারআপ মেঘনা ওয়ারিয়র্স ৮ উইকেটে ১১২ রান করে।
ফাইনাল ম্যাচে হৃদয় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য তানভীর ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। সেরা বোলারের পুরস্কার পান রকিবুল হাসান। ম্যাচ পরিচালনায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন জয়নাল আবেদিন ও বাবু খান।

