যানজট নিরসনে শাহরাস্তিতে সওজের উচ্ছেদ অভিযান
সজল পাল : শাহরাস্তি উপজেলা-র উয়ারুক বাজার এলাকায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। শনিবার (৯ মে) দিনব্যাপী চলা এ অভিযানে সড়কের পাশে নির্মিত বিভিন্ন দোকানপাট, টিনশেড ও অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
অভিযানের ফলে বাজার এলাকার সড়ক দখলমুক্ত হওয়ায় যান চলাচলে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে সওজের জায়গা দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণের কারণে সড়ক সংকুচিত হয়ে পড়েছিল। এতে নিয়মিত যানজটের পাশাপাশি জনভোগান্তিও বাড়ছিল।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইউনুস আলী।
প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের প্রবণতা রোধ এবং সড়ক সচল রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

