ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হাইমচরে মিলাদ ও দোয়া মাহফিল

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হাইমচরে মিলাদ ও দোয়া মাহফিল

উপজেলা সংবাদ প্রধান সংবাদ হাইমচর উপজেলা

নাছির আহমেদ : চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগী মাওলানা নুরুজ্জামান জিয়াউন্নেসা হাফিজিয়া মাদরাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট ২০২৬) বিকেলে মাদরাসার মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপির ওলামা বিষয়ক উপকমিটির সদস্য ড. মোঃ সলিম উল্লাহ। সভাপতিত্ব করেন হায়দারগঞ্জ কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা মোঃ আমিন উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ সলিম উল্লাহ বলেন, হযরত মুহাম্মদ (সাঃ) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করলে সুন্দর, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

তিনি বলেন, মহানবী (সাঃ) মানুষকে সত্য, ন্যায়, মানবতা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক ভালোবাসার শিক্ষা দিয়েছেন। ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালনের মধ্য দিয়ে এসব আদর্শকে ব্যক্তিজীবনে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

ড. মোঃ সলিম উল্লাহ আরও বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে মাদরাসা ও ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি শিক্ষার্থীদের কোরআন-হাদিসের জ্ঞান অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং মাদরাসার উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে হাইমচর উপজেলা বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এ সময় হাইমচর প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার একে আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হোসাইন, সাংগঠনিক সম্পাদক শরীফ মোঃ মাছুম বিল্লাহ, প্রচার সম্পাদক শিমুল অধিকারী, সিনিয়র সদস্য মাসুদ আলম রিয়াদ ও সদস্য মোঃ নাসির আহমেদ সোহেল উপস্থিত ছিলেন। এছাড়া সাংবাদিক আলমগীর হোসেন আসিফ, আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লি ও শিক্ষার্থীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *