হাইমচর প্রতিনিধি : হাইমচরে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. জসিম উদ্দিন ওরফে ‘কানা জসিম’ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি চুরি, ডাকাতি, মাদক ও দস্যুতাসহ ১৫টি মামলার এজাহারনামীয় আসামি এবং তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।
রোববার (৩০ আগস্ট) হাইমচর থানার দক্ষিণ আলগী এলাকার ইব্রাহিম ভূঁইয়া বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, হাইমচর থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) গোলাম মোস্তফা, এসআই (নিঃ) প্রিয়লাল ঘোষ, পিএসআই (নিঃ) সৌরভ দাশ, এএসআই (নিঃ) হান্নান উদ্দিন ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় জসিম উদ্দিনের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত লুঙ্গির পেছনের গোচা থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জসিম উদ্দিনের বাড়ি হাইমচর থানার দক্ষিণ আলগী এলাকার ইব্রাহিম ভূঁইয়া বাড়িতে। তিনি আনোয়ার হোসেন ও সেলিনা বেগমের ছেলে এবং ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর-৩১, তারিখ ৩০ আগস্ট ২০২৬; জিআর নম্বর-২২৬, তারিখ ৩১ আগস্ট ২০২৬।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জসিম উদ্দিনের বিরুদ্ধে এর আগে চাঁদপুরের হাইমচর থানায় ১৯ আগস্ট ২০২৬ তারিখের একটি মামলাও রয়েছে। ওই মামলার এফআইআর নম্বর-২৩, জিআর নম্বর-২১৮ এবং এতে দণ্ডবিধি ১৮৬০-এর ৩৯২/৩৮৫/৪৬৩ ধারায় মামলা করা হয়।
পুলিশ আরও জানায়, জসিম উদ্দিনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক, দস্যুতাসহ মোট ১৫টি মামলা রয়েছে।
সোমবার (৩১ আগস্ট) যথাযথ পুলিশি পাহারায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

