মতলবের উদমদীতে কালভার্ট নির্মাণে স্বস্তি পাচ্ছে আট গ্রামের মানুষ

মতলবের উদমদীতে কালভার্ট নির্মাণে স্বস্তি পাচ্ছে আট গ্রামের মানুষ

উপজেলা সংবাদ প্রধান সংবাদ মতলব দক্ষিণ উপজেলা

মতলব দক্ষিণ প্রতিনিধি : মতলব দক্ষিণ পৌরসভার উদমদী এলাকার আটটি গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান হতে যাচ্ছে। প্রায় ৭২ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি কালভার্টের কাজ এখন শেষ পর্যায়ে। প্রকল্পটি চালু হলে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর পরিবর্তে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

বছরের পর বছর খালের ওপর নির্মিত একটি বাঁশের সাঁকোই ছিল এলাকাবাসীর একমাত্র ভরসা। বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি ও স্রোতের কারণে সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠত। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।

স্থানীয়দের অভিযোগ, বর্ষাকালে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে চরম ভোগান্তির মুখে পড়তে হতো। কৃষিপণ্য বাজারে পরিবহন ব্যাহত হতো এবং জরুরি রোগী হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ত। বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করায় সময় ও অর্থ—দুইয়েরই অতিরিক্ত ব্যয় হতো।

স্থানীয় বাসিন্দা ও মতলব দক্ষিণ পৌরসভার সাবেক কাউন্সিলর শাহজাহান সাগর বলেন, কালভার্ট না থাকায় উদমদী এলাকার আটটি গ্রামের সহস্রাধিক মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগে রয়েছেন। তিনি দ্রুত নির্মাণকাজ শেষ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানান।

স্থানীয়দের ভাষ্য, বহু বছর ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে কালভার্ট নির্মাণের দাবি জানানো হলেও বাস্তবায়ন হয়নি। অবশেষে প্রকল্পের কাজ দৃশ্যমান হওয়ায় এলাকাজুড়ে স্বস্তি ও আশাবাদের পরিবেশ তৈরি হয়েছে।

এলাকাবাসীর মতে, কালভার্টটি চালু হলে কয়েক হাজার মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে। কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সহজ হবে, শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত নির্বিঘ্ন হবে এবং জরুরি রোগী পরিবহনেও আগের সংকট থাকবে না। একই সঙ্গে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা মনে করছেন।

নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদার মো. জহিরুল হক জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে বর্ষার মধ্যেও নির্মাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। তিনি বলেন, কালভার্টকে আরও টেকসই করতে নির্ধারিত নকশার অতিরিক্ত বিমও সংযোজন করা হচ্ছে।

মতলব পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) ফেরদৌস আহমেদ জানান, কালভার্ট নির্মাণের মূল কাজ প্রায় শেষ। বর্তমানে রেলিং ও রঙের কিছু কাজ বাকি রয়েছে। সেগুলো শেষ হলেই এলাকাবাসী এর সুফল ভোগ করতে পারবেন।

সংশ্লিষ্ট প্রকৌশলীদের তথ্য অনুযায়ী, প্রায় ৭২ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পের নির্মাণমান নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। গুণগত মানের বিষয়ে কোনো ধরনের আপস করা হচ্ছে না।

মতলব দক্ষিণ পৌরসভার প্রশাসক কে এম ইশমাম বলেন, কালভার্টটি চালু হলে দীর্ঘদিনের যোগাযোগ সংকট দূর হবে। নির্মাণকাজ মানসম্মতভাবে সম্পন্ন করতে নিয়মিত তদারকি করা হচ্ছে এবং কোনো ত্রুটি ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নির্ধারিত সময়ের মধ্যে কালভার্টটি যান চলাচলের জন্য উন্মুক্ত হবে বলে আশা করছেন স্থানীয়রা। তাদের বিশ্বাস, এই অবকাঠামো নির্মাণের মাধ্যমে উদমদী এলাকার আটটি গ্রামের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *