ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া এলাকার কলেজছাত্রী নাজমা আক্তার সরকারি চাকরির ইন্টারভিউ দিতে ঢাকায় এসে নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। ২৯ আগস্ট থেকে তার সঙ্গে কোনো নির্ভরযোগ্য যোগাযোগ নেই। এ ঘটনায় স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার সন্ধানে রাজধানীর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পরিবারের তথ্য অনুযায়ী, সরকারি চাকরির একটি নিয়োগ পরীক্ষার ইন্টারভিউ দিতে নাজমা ঢাকায় আসেন। ইন্টারভিউ শেষে তিনি রাজধানীর পশ্চিম নাখালপাড়া এলাকা থেকে চাঁদপুরের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
গত ২৯ আগস্ট সকাল ৭টায় বাসা থেকে বের হন নাজমা। পরে সকাল ৮টা ৩৫ মিনিটে সদরঘাট থেকে ছেড়ে যাওয়া বোগদাদিয়া-৭ লঞ্চে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। তবে নির্ধারিত সময়ে তিনি বাড়িতে পৌঁছাননি।
এরপর তার মোবাইল ফোনে পরিবারের সদস্যরা যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
নাজমা আক্তারের বাবা মোহাম্মদ আব্দুল মানান এবং মা নেপুল বেগম। তার স্থায়ী ঠিকানা মুন্সী বাড়ি, গ্রাম সাহেবগঞ্জ, ডাকঘর গৃদকালিন্দিয়া-৩৬৫৩, উপজেলা ফরিদগঞ্জ, জেলা চাঁদপুর।
নিখোঁজ হওয়ার একদিন পর নাজমার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে একটি বার্তা পাওয়ার কথা জানিয়েছে পরিবার। এতে বলা হয়, তিনি একটি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়েছেন।
বার্তায় আরও উল্লেখ করা হয়, শারীরিক অবস্থার কারণে তিনি কথা বলতে পারছেন না। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার জন্য রক্তের ব্যবস্থা করা হয়েছে। একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার চিকিৎসা ও দেখভালের দায়িত্ব নিয়েছেন বলেও বার্তায় জানানো হয়।
এতে বলা হয়, দীর্ঘ সময় অচেতন থাকার কারণে তিনি কোন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তা জানেন না। মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় বিস্তারিত তথ্যও জানাতে পারছেন না।
তবে বার্তায় হাসপাতালের নাম, ঠিকানা বা অবস্থান উল্লেখ করা হয়নি। ফলে পরিবারের উদ্বেগ আরও বেড়েছে। তাদের ভাষ্য, বার্তাটি সত্য হলে নাজমা কোথায় চিকিৎসাধীন রয়েছেন, তা দ্রুত শনাক্ত করা প্রয়োজন। আর অন্য কেউ বার্তাটি পাঠিয়ে থাকলে বিষয়টি আরও উদ্বেগের।
নাজমার সন্ধানে পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। তার ছবি প্রকাশ করে বিভিন্ন পোস্টের মাধ্যমে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হচ্ছে।
এসব পোস্টে জানানো হয়েছে, ২৯ আগস্ট ঢাকার নাখালপাড়া থেকে চাঁদপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে নাজমার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
পরিবারের পক্ষ থেকে কেউ নাজমা আক্তারকে কোথাও দেখে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ : 📞 ০১৭১৮-০৭৯০৪০, 📞 ০১৭০০-৬৫৩১২১
নাজমার পরিবার আইনশৃঙ্খলা বাহিনী, নৌপুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষসহ দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে। দ্রুত অনুসন্ধান জোরদার করে তাকে শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রত্যাশা করছেন স্বজনরা।
মানবিক কারণে বিষয়টি সবার নজরে আনার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাদের প্রত্যাশা, নাজমার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত তা সংশ্লিষ্টদের জানানো হবে।

