মো: মহিউদ্দিন : চাঁদপুর আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ শহিদ উল্লা মজুমদার। সোমবার (৩১ আগস্ট ২০২৬) তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রধান অতিথি প্রফেসর মোঃ শহিদ উল্লা মজুমদার প্রতিষ্ঠানের বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও মেধার প্রশংসা করেন তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপপরিচালক (কলেজ) মোঃ শফিকুল ইসলাম এবং চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. সাইফুল ইসলামও উপস্থিত ছিলেন।
বিজ্ঞান মেলার স্টল পরিদর্শনের পর অতিথিরা শিক্ষকদের সঙ্গে সভায় অংশ নেন। সভায় শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার মাধ্যমে প্রযুক্তির অপব্যবহার রোধে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে সভায় উল্লেখ করা হয়।
প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তোলা বর্তমান সময়ে অত্যন্ত জরুরি। নৈতিক অবক্ষয় রোধে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

