নজরুল বর্ষে চাঁদপুরের শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা

নজরুল বর্ষে চাঁদপুরের শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

নিজস্ব প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত জেলার স্কুল, কলেজ, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সোমবার চাঁদপুর জেলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ আগস্ট দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, নজরুল বর্ষ উপলক্ষে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। এটি সরকারি নির্দেশনা। জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি দিয়ে নির্দেশনা বাস্তবায়ন ও কার্যক্রম মনিটরিং করবেন।

তিনি বলেন, স্কুল, কলেজ, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে। কলেজ ও মাদরাসার ক্ষেত্রেও সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সব স্কুল, কলেজ ও মাদরাসায় একই সময়ে অনুষ্ঠান শুরু করা হবে।

সরকারের পাঠানো সর্বশেষ নীতিমালার সিডিউল অনুযায়ী ২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এসব অনুষ্ঠান চলবে বলে সভায় জানানো হয়।

জেলা প্রশাসক আরও বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলিতে জাতীয় সংগীতের পাশাপাশি একটি করে নজরুল সংগীত পরিবেশন করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আরও জানতে পারবে। এ কার্যক্রমে প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বেশি গুরুত্ব দেওয়ার ওপরও তিনি জোর দেন।

সভায় বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল কবীর, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা কালচারাল অফিসার দিতি সাহা এবং চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক আলমগীর হোসেন বাহার।

এ ছাড়া বক্তব্য দেন চাঁদপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা আক্তার, জেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা পরিদর্শক লিটন কান্তি দাস, চাঁদপুর আহমেদিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক ও সাংবাদিক ইকবাল হোসেন পাটোয়ারী, সময় টিভির নিজস্ব প্রতিবেদক সাংবাদিক ফারুক আহম্মদ এবং বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *