হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা প্রদান এবং চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে চারজন সমবায়ীকে পুরস্কৃত করা হয়।
সোমবার (৬ জুলাই) সকালে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে দিবসটির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা ই-সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ জালালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসিব আব্দুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটোয়ারী এবং হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সমবায়ী কবির হোসেন মজুমদার। সমবায়ীদের পক্ষে বক্তব্য দেন উপজেলা সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের একপর্যায়ে শ্রেষ্ঠ ঋণ ও সঞ্চয় বিভাগে সেম্ভু চন্দ্র বর্মন, একক উদ্যোক্তা হিসেবে খোকন চন্দ্র রায় ও আরিফুল ইসলাম এবং মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য লিপি রানী দাসকে পুরস্কৃত করা হয়।
পাশাপাশি উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহীন মিয়া, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সমবায়ীরা উপস্থিত ছিলেন।

