চিতোষী ডিগ্রি কলেজে মাদকবিরোধী সভা ও র‍্যালি

চিতোষী ডিগ্রি কলেজে মাদকবিরোধী সভা ও র‍্যালি

উপজেলা সংবাদ শাহরাস্তি উপজেলা স্লাইড

জাহাঙ্গীর আলম ভূইয়া : মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও মাদক নির্মূলে চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী ডিগ্রি কলেজ ও এর আশপাশের এলাকায় র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে র‍্যালিতে অংশ নেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গৌতম চন্দ্র হালদার এবং শাহরাস্তি থানার অন্যান্য পুলিশ সদস্য।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা র‍্যালিতে অংশ নেন। আয়োজকদের হিসাবে কর্মসূচিতে প্রায় ৭০০ থেকে ৮০০ জন উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে চিতোষী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকের ক্ষতিকর প্রভাব, মাদক প্রতিরোধের উপায় এবং মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, মাদকের কারণে শুধু একজন ব্যক্তির জীবনই ক্ষতিগ্রস্ত হয় না; এর প্রভাব পরিবার ও সমাজেও পড়ে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের সমন্বিত ভূমিকা প্রয়োজন।

সভা থেকে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *