জাহাঙ্গীর আলম ভূঁইয়া : উঘারিয়া পূর্বপাড়ার দিঘীরপাড় এলাকায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মো. আবুল কালাম ওরফে দান ব্যাপারী কালামিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নামাজের পর দুপুর ঠিক ৩টার দিকে কালামিয়া ও তার পরিবারের সদস্যরা একটি সামাজিক অনুষ্ঠানে দাওয়াতে ছিলেন। এ সুযোগে অজ্ঞাত ব্যক্তিরা বাড়ির ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
চোরেরা ঘরের বিভিন্ন আলমারি, সিন্দুকসহ বিভিন্ন স্থানে রাখা মালামাল তছনছ করে। এ সময় প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ অর্থ, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে চাঁদপুর সংবাদের স্থানীয় প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে চুরির বিষয়টি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।
বাড়ির আশপাশের বাসিন্দারা জানান, মোল্লা বাড়ির দরজা থেকে চিতোষী সড়কের পাশেই বাড়িটির অবস্থান। দিনের বেলায় এমন চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনার বিষয়ে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

