আমির খসরু প্রধান : মতলব দক্ষিণ উপজেলার উপাধি উত্তর ইউনিয়নের দক্ষিণ নওগাঁ গ্রামের ঢালী বাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের দুই ভাইয়ের দুটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ফারুক ঢালী ও জুয়েল ঢালীর ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। জুয়েল ঢালীর বসতঘর থেকে ধোঁয়া বের হতে দেখে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ঘরে থাকা তার ভাই ফারুক ঢালীর বসতঘরেও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দুই ভাইয়ের দুটি বসতঘর ও ঘরে থাকা অধিকাংশ মালামাল পুড়ে যায়।
স্থানীয় বাসিন্দা মোরশেদ জানান, ফায়ার সার্ভিসে খবর দেওয়ার প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে জুয়েল ও ফারুক ঢালীর ঘর দুটি রক্ষা করা সম্ভব না হলেও পাশে থাকা আলম ঢালী ও মিজান ঢালীর দুটি বসতঘর আগুনের হাত থেকে রক্ষা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার ২০ থেকে ৩০ মিনিটের মধ্যেই দুইটি বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। পরনের কাপড় ছাড়া ঘরের কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জুয়েল ঢালী ও ফারুক ঢালী হতদরিদ্র পরিবারের সন্তান। এক ভাই মিস্ত্রির কাজ করেন এবং অপর ভাই এলাকায় ছোট একটি চায়ের দোকান চালান। আগুনে সর্বস্ব হারিয়ে বর্তমানে তারা খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
জুয়েল ও ফারুক ঢালী জানান, পরনের কাপড় ছাড়া আগুন থেকে তারা কিছুই রক্ষা করতে পারেননি। তাদের হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম।
মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই দুটি বসতঘর পুড়ে যায়। তবে পাশের আরও দুটি ঘর আগুনের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসকে দেওয়া তথ্য অনুযায়ী, পুড়ে যাওয়া দুটি ঘরে প্রায় সাড়ে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি প্রায় ২০ লাখ টাকার দুটি বসতঘর আগুনের হাত থেকে রক্ষা করা হয়েছে।

