নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে প্রবাসী স্বামীকে রেখে এক তরুণী প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করেছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। নিখোঁজ ডায়েরির ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার সাভার থেকে ওই তরুণী ও অভিযুক্ত যুবককে উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ। তবে তরুণীর পরিবার অভিযোগটি অস্বীকার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের মৈশাদী গ্রামের মো. মজিল প্রধানের মেয়ে মরিয়মের সঙ্গে ফতেপুর ইউনিয়নের মাইজকান্দি গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী শরিফুল ইসলামের বিয়ে হয়। অভিযোগ রয়েছে, স্বামী বিদেশে যাওয়ার পর গজরা গ্রামের লিটনের ছেলে লিমনের সঙ্গে মরিয়মের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৫ জুলাই তারা বাড়ি ছেড়ে চলে যান।
পরিবারের পক্ষ থেকে মতলব উত্তর থানায় নিখোঁজ ডায়েরি করা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে পুলিশ। পরে সোমবার (২০ জুলাই) ঢাকার সাভার এলাকা থেকে মরিয়ম ও লিমনকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মাধব চন্দ্র।
উদ্ধারের পর লিমন দাবি করেন, মরিয়মের অন্যত্র বিয়ে হওয়ার আগ থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তার ভাষ্য, তারা দুজনের সম্মতিতেই বিয়ে করেছেন এবং বর্তমানে মরিয়ম তার স্ত্রী।
অন্যদিকে মরিয়মের বাবা মো. মজিল প্রধান অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে এবং অযথা বিরক্ত করা হচ্ছে।
এ ঘটনায় প্রবাসী স্বামী শরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মাধব চন্দ্র জানান, মরিয়মের কাকা আলীর করা নিখোঁজ ডায়েরির ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সাভার থেকে তরুণী ও যুবককে উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন এবং এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

