সজল পাল : চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ভরণপোষণের টাকা চাওয়াকে কেন্দ্র করে মাকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ছেলে সাইফুল ইসলাম (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের খলিল মেম্বারের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে চাঁদপুরের আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী রেহেনা বেগম স্বামীর মৃত্যুর পর দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করছেন। তার দাবি, বড় ছেলে পরিবারের দায়িত্ব পালনে সহযোগিতা করলেও ছোট ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে ভরণপোষণের দায়িত্ব নেননি। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১৫ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে ভরণপোষণের টাকা চাইলে সাইফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে মাকে মারধর করেন। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তিনি গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন।
পরে স্বজনরা আহত রেহেনা বেগমকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি শাহরাস্তি মডেল থানায় পিতা-মাতার ভরণ-পোষণ আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্তের অংশ হিসেবে বুধবার উপ-পরিদর্শক (এসআই) শমসেদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেন।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে চাঁদপুরের আদালতে পাঠানো হয়েছে।

