আনিস আহমেদ রাসেল : চাঁদপুর সদর উপজেলার মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের পাশে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (প্রায় ৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) ভোরে ধনপর্দী সীমানার সাদ্দাম ব্রিজ সংলগ্ন এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর কার্যালয়ের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রাথমিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার পরনে কালো রঙের টি-শার্ট ও নেভি ব্লু রঙের জিন্সের প্যান্ট ছিল বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা শরীফ হোসেন জানান, রোববার রাতে মুন্সীরহাট বাজার বাসস্ট্যান্ড এলাকায় প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালে ওই যুবককে বাজারের ব্রিজের ওপর বসে থাকতে দেখেন। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে শ্রমিক বলে পরিচয় দিলেও নিজের ঠিকানা বা অন্য কোনো পরিচয় জানাননি।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর কার্যালয়ের পুলিশ পরিদর্শক তরুণ কান্তি দে বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের লক্ষ্যে তার দুই হাতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

