নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর শহরের যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে প্রায় দুই শতাধিক অটোরিকশা আটক করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওয়ারলেস মোড়, কালিবাড়ি, শপথ চত্বর, নতুন বাজার এবং ব্রিজের গোড়া এলাকায় অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়। পুলিশ সুপার নিজে ওয়ারলেস মোড়ে উপস্থিত থেকে ট্রাফিক কার্যক্রম তদারকি করেন।
একই সময়ে কালিবাড়ি মোড়ে পৃথক অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ, টিআই (এডমিন) শহর ও যানবাহন শাখার প্রবীর কুমার দাশ, গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
অভিযান শেষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর বলেন, চাঁদপুর শহরে যানজট কমানো এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পুলিশ সুপারের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় দুই শতাধিক অটোরিকশা আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক করা অটোরিকশাগুলোর কাগজপত্র ও লাইসেন্স যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হবে। পাশাপাশি নগরবাসীর দুর্ভোগ কমাতে এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

