স্টাফ রিপোর্টার : চাঁদপুরে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে সরকারি নীতিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূর আলম দীন। তিনি বলেছেন, স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অবহেলা, অনিয়ম বা মানহীন কার্যক্রম বরদাশত করা হবে না। খুব শিগগিরই মানহীন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত জরুরি অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি ডা. মোহাম্মদ মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জি এম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের সফলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিয়মনীতি মেনে দায়িত্বশীলভাবে পরিচালিত হতে হবে। অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে কিংবা দায়িত্বে অবহেলার কারণে সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুল হাসান ফয়াসাল। তিনি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, নিয়মিত তদারকি এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।
সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি ডাঃ এস এম সহিদ উল্যা, সিনিয়র সহ-সভাপতি ডাঃ জাহাঙ্গীর আলম খান, কার্যকরী কমিটির সদস্য সিনিয়র চিকিৎসক অধ্যাপক ডাঃ সালেহ আহমেদ, সিনিয়র চিকিৎসক ডাঃ এম এ গফুর, সহ-সভাপতি ডাঃ মোস্তাক আহমদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন ভূঁইয়া।
আলোচনা পর্বে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নতুন মূল্যতালিকা নির্ধারণ, লাইসেন্স নবায়ন-সংক্রান্ত জটিলতা এবং সরকারের বিভিন্ন দপ্তরের সাম্প্রতিক নির্দেশনা বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি এসব বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্তও গ্রহণ করা হয়।

