স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের জনপ্রিয় বিপণী বিতান ‘গৃহাঙ্গন’ নতুন ঠিকানায় নতুন উদ্যমে কার্যক্রম শুরু করেছে। শহরের প্রাণকেন্দ্র মীর শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আধুনিক ও প্রশস্ত পরিসরে স্থানান্তর করা হয়েছে প্রতিষ্ঠানটির শোরুম। রোববার (২৪ মে) বিকেলে কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নতুন শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুরের ব্যবসায়ী, নারী উদ্যোক্তা, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান গৃহাঙ্গনের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী জেসমিন নাসরিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা ও সংগঠক পাপড়ি বর্মন, নাহিদা সুলতানা সেতু, তানিয়া ইসলাম, মাধুরী রানী সাহা, জোহরা আনোয়ার হীরা, সানজিদা হোসেন লিন্ডা, শাহিন আক্তার, সিগমা আহসান কনক, বিশিষ্ট ব্যবসায়ী নেপাল সাহা, ঢাকা ব্যাংকের চাঁদপুর শাখার ম্যানেজার আহসান হাবীব এবং সাংবাদিক কেএম মাসুদসহ অনেকে।
প্রতিষ্ঠাতা জেসমিন নাসরিন বলেন, চাঁদপুরের রুচিশীল নারীদের কাছে ‘গৃহাঙ্গন’ দীর্ঘদিনের একটি পরিচিত ও বিশ্বস্ত নাম। দীর্ঘ পরিশ্রম, ধৈর্য ও আন্তরিকতার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ক্রেতাদের আস্থার জায়গায় পৌঁছে দিতে সক্ষম হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, দেশীয় ঐতিহ্য ও সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে নারী উদ্যোক্তাদের তৈরি মানসম্মত পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়াই গৃহাঙ্গনের মূল লক্ষ্য। নতুন শোরুমেও নারীদের হাতে তৈরি নান্দনিক পোশাক, গহনা এবং ঘর সাজানোর বিভিন্ন আকর্ষণীয় সামগ্রী পাওয়া যাবে।
জেসমিন নাসরিন আরও বলেন, পূর্বের অবস্থানটি তুলনামূলকভাবে কিছুটা দূরে হওয়ায় ক্রেতাদের যাতায়াতে অসুবিধা হতো। সেই বিষয়টি বিবেচনায় এনে সহজ যোগাযোগের সুবিধার্থে শহরের ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র মীর শপিং কমপ্লেক্সে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন ঠিকানায় সকলের ভালোবাসা ও সহযোগিতা কামনা করে তিনি চাঁদপুরবাসীকে শোরুম পরিদর্শনের আমন্ত্রণ জানান এবং আগাম ঈদের শুভেচ্ছা জানান।

