স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বাজারের ইজারাদারসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। রোববার বিকেল ৪টার দিকে ওয়ারলেস মোড়ে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় বাজার ইজারাদার আরিফুল ইসলাম মিশুকে ঢাকায় পাঠানো হয়েছে।
আহতরা হলেন— ওয়ারলেস বাজারের ইজারাদার আরিফুল ইসলাম মিশু (৩৮), সফিক গাজী (৪৩), সজিব গাজী (২৮), মানিক খান (৩০) ও সামির (২৫)। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহত মিশুকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে নেওয়া হয়।
ঘটনার পর চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন।
আহত সফিক গাজীর অভিযোগ, চাঁদপুর পৌরসভার নিয়ম মেনে ওয়ারলেস বাজারের ইজারা গ্রহণ করা হয়। তবে বাজারসংলগ্ন এলাকায় সড়কের জায়গায় অবৈধভাবে দোকান বসানোর নামে কয়েকজন ব্যক্তি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করছিলেন। বিষয়টি ব্যবসায়ীরা ইজারাদারদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে এর কারণ জানতে চান।
তার দাবি, এ সময় বোরহান গাজী, ফেরদৌস গাজী, এমরান গাজী ও রেদওয়ান গাজীসহ কয়েকজন ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তারা রক্তাক্ত জখম হন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানে আলম ফয়সাল জানান, আহত মিশুর ডান হাতের বৃদ্ধাঙ্গুলে গুরুতর আঘাত লেগেছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ওয়ারলেস বাজার এলাকায় যায়। পরে আহতরা হাসপাতালে চলে আসায় পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ঘটনাটি স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বাজার এলাকায় নিরাপত্তা ও চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

