ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ২৫ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে চলমান সংস্কার প্রকল্পে কাজ সম্পন্ন হওয়ার আগেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে। এ অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনে রং করা, টাইলস স্থাপন, দরজা-জানালা মেরামত, স্যানিটারি, ইলেকট্রনিকস ও আইপিএসসহ বিভিন্ন উন্নয়নকাজের জন্য ২৫ লাখ ৯৮ হাজার টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পটির বাস্তবায়নের দায়িত্ব পায় প্রভা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয় সূত্রের দাবি, প্রকল্পের বিভিন্ন কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। ভবনের কিছু অংশে রংয়ের কাজ শেষ হয়নি, কোথাও টাইলস বসানোর কাজে ত্রুটি রয়েছে, আবার স্যানিটারি কাজেও গাফিলতির অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, এসব কাজ শেষ হওয়ার আগেই গত ৩০ জুন ২০২৬ ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের বিল উত্তোলন করেছে। এতে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে।
এলাকাবাসীর ভাষ্য, স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে নিম্নমানের কাজ কিংবা কোনো ধরনের অনিয়ম গ্রহণযোগ্য নয়। তারা প্রকল্পটির সার্বিক কার্যক্রম তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, বিল উত্তোলনের জন্য তাঁর প্রত্যয়ন প্রয়োজন। তবে ঠিকাদার তাঁর কাছ থেকে কোনো প্রত্যয়ন নেননি। বিষয়টি সংবাদকর্মীদের কাছ থেকেই জানতে পেরেছেন উল্লেখ করে তিনি অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন।
অন্যদিকে ঠিকাদার জসিম উদ্দিনের কাছে মুঠোফোনে বিল উত্তোলনের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ছাড়া চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী মাবরুর ইসলাম চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

