সজল পাল : শাহরাস্তি উপজেলায় প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি অফিস এবং গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখেই এ কার্যক্রম পরিচালিত হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি শিশু-কিশোরদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রতিটি গাছের পরিচর্যার মাধ্যমে দীর্ঘমেয়াদি সবুজায়ন নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
তাদের মতে, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়; বরং প্রতিটি চারা যথাযথভাবে পরিচর্যা করে বড় করে তোলার দায়িত্বও সবার। সম্মিলিতভাবে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় তা কার্যকর অবদান রাখবে।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

