উন্নয়ন প্রকল্পে মানহীন কাজ করলে প্রশাসনিক ব্যবস্থা : এমপি জালাল

উন্নয়ন প্রকল্পে মানহীন কাজ করলে প্রশাসনিক ব্যবস্থা : এমপি জালাল

উপজেলা সংবাদ মতলব দক্ষিণ উপজেলা স্লাইড

মতলব দক্ষিণ প্রতিনিধি :   চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, মতলব উত্তর ও মতলব দক্ষিণে উন্নয়ন প্রকল্পে কোনোভাবেই নিম্নমানের কাজ করতে দেওয়া হবে না। ভাঙনকবলিত এলাকা আরও টেকসই ও মজবুত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। কেউ নিম্নমানের কাজের চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মতলব সেতুর ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন শেষে সেতু-সংলগ্ন এলাকায় মালামাল পরিবহনে নিয়োজিত যানবাহনের মালিক ও চালকদের সমস্যা নিরসনে আয়োজিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

ড. জালাল উদ্দিন বলেন, উন্নয়ন কার্যক্রম হতে হবে টেকসই, পরিকল্পিত এবং জনবান্ধব। সঠিক পরিকল্পনা বাস্তবায়ন, কঠোর মনিটরিং ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে উন্নয়ন প্রকল্পের মান বজায় রাখা সম্ভব হবে। এ কারণে সরকারি ও বেসরকারি—উভয় পর্যায়েই কার্যকর তদারকির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অবকাঠামো উন্নয়ন যেমন এগিয়ে যাচ্ছে, তেমনি প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণও নিশ্চিত হচ্ছে।

সংসদ সদস্য বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করছে। চলমান উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতে আরও গতিশীল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানসহ দলীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *