চাঁদপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

চাঁদপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

চাঁদপুর সদর জাতীয় সংবাদ স্লাইড

মাওলানা সাইফুল্লাহ : আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনকে শতভাগ সফল করার লক্ষ্যে চাঁদপুরের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনের লক্ষ্য, কর্মপরিকল্পনা এবং গণসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে এ কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) সকালে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়। চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ নূর আলম দীন জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুরা একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুরা একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে।

তিনি বলেন, শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত জটিলতা কমাতে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য ক্যাম্পেইনের আওতায় প্রতিটি যোগ্য শিশুকে অন্তর্ভুক্ত করা অত্যন্ত প্রয়োজন।

সিভিল সার্জন আরও জানান, জেলার সকল উপযুক্ত শিশুর কাছে ভিটামিন ‘এ’ সেবা পৌঁছে দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে ক্যাম্পেইন পরিচালিত হবে। পাশাপাশি স্বাস্থ্য বিভাগের সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সমন্বিত সহযোগিতা কার্যক্রমের সফল বাস্তবায়নে সহায়ক হবে।

তিনি বলেন, ক্যাম্পেইনের দিন কোনো শিশু বাদ পড়লে তাদের শনাক্ত করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য বিশেষ ‘বাদপড়া শিশু অনুসন্ধান কার্যক্রম’ পরিচালিত হবে। এ লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক প্রস্তুতকৃত মানচিত্র অনুসারে প্রতিটি সাব-ব্লকে দুটি বিশেষ দল মাঠে কাজ করবে। প্রতিটি দলে দুইজন মাঠকর্মী থাকবেন এবং তারা সকাল ৮টা থেকে প্রত্যন্ত এলাকায় গিয়ে বাদপড়া শিশুদের খুঁজে বের করবেন। প্রতিদিন গড়ে ২০ জন শিশুকে সেবার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চার দিনের মধ্যে পুরো অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাপক প্রচারণা চালানো গেলে অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং কোনো শিশু এই কর্মসূচি থেকে বাদ পড়বে না।

সভাপতির বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুস্বাস্থ্য সুরক্ষা ও অপুষ্টি প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উদ্যোগ। এ কর্মসূচির সাফল্য নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

তিনি বলেন, সাংবাদিকরা যদি নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে পারেন, তবে অভিভাবকদের সচেতনতা বাড়বে এবং প্রতিটি শিশুকে সেবার আওতায় আনা সহজ হবে। জাতীয় স্বার্থে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রমে সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণেরও আহ্বান জানান তিনি।

সোহেল রুশদী আরও বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুধু একটি স্বাস্থ্য কর্মসূচি নয়; এটি শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টায় জেলার শতভাগ যোগ্য শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের আওতায় আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় বক্তব্য দেন চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোস্তফা কামাল, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ, দৈনিক চাঁদপুর সময়ের প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল এবং দৈনিক আদি বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক এমরান হোসেন রাজন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শরীফ চৌধুরী ও রহিম বাদশা, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন ইকরাম, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, দৈনিক শপথের ভারপ্রাপ্ত সম্পাদক মো. ফরিদ হাসান, দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী, দৈনিক চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে মাসুদ এবং বাংলাদেশের আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরী।

কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *