হাজীগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে বাকিলা বাজারের তাজ হোটেলকে ১০ হাজার এবং মুন্সি এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় হোটেল থেকে পচা-বাসি খাবার ও ক্ষতিকর রং ধ্বংস করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের উদ্যোগে হাজীগঞ্জের মহামায়া, বাকিলা ও বলাখাল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বাকিলা বাজারের তাজ হোটেলে ফ্রিজে বিক্রির উদ্দেশ্যে বাসি খাবার সংরক্ষণ এবং খাবারে ক্ষতিকর রং ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, অনুমোদনহীন ও নিম্নমানের এলইডি লাইট বিক্রির দায়ে মুন্সি এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।
অভিযানের সময় পচা-বাসি খাবার ও ক্ষতিকর রং ধ্বংস করা হয়। পাশাপাশি বাজারের অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং দোকানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি এবং অবৈধভাবে পণ্য মজুত করা থেকে বিরত থাকতে বলা হয়।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

