২৯ শিক্ষার্থীকে শাপলা কাব অ্যাওয়ার্ড সংবর্ধনা দিল মতলব উত্তর স্কাউটস

২৯ শিক্ষার্থীকে শাপলা কাব অ্যাওয়ার্ড সংবর্ধনা দিল মতলব উত্তর স্কাউটস

উপজেলা সংবাদ প্রধান সংবাদ মতলব উত্তর উপজেলা

মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইউনিট লিডারদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠদক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মাহমুদা কুলসুম মনি। উপজেলা কাব স্কাউটসের সহকারী কমিশনার শ্যামল কুমার বাড়ৈর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ মোল্লা, শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী নাবিল রায়হান তাজমিম সাইফ এবং উপজেলা স্কাউটস কমিশনার সুকরঞ্জন বিশ্বাস।

অনুষ্ঠানে ২৯ জন শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সম্মাননা প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, তিনি বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে গিয়ে লক্ষ্য করেছেন, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির অধিকাংশ শিক্ষার্থী বাংলা রিডিং ঠিকভাবে পড়তে পারছে না। এ অবস্থার জন্য শিক্ষকদের দায় এড়ানোর সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন। শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এক সপ্তাহের নিবিড় পরিচর্যাও শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে পারে।

তিনি আরও বলেন, আগামী মাসের সমন্বয় সভায় শিক্ষার্থীদের পাঠদক্ষতা উন্নয়নে গৃহীত উদ্যোগ ও অগ্রগতি সম্পর্কে শিক্ষকদের জানাতে হবে।

শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে ইউএনও বলেন, শুধু মিড-ডে মিল দিয়ে বিদ্যালয়ে উপস্থিতি ধরে রাখা সম্ভব নয়। শিক্ষার্থীদের জন্য আনন্দমুখর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে তারা স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয়ে আসতে আগ্রহী হয়।

প্রান্তিক এলাকার মেধাবী শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলেও অসংখ্য মেধাবী শিক্ষার্থী রয়েছে। তাদের খুঁজে বের করে স্কাউটিংসহ সহশিক্ষা কার্যক্রমে যুক্ত করতে হবে।

শিক্ষকদের প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশগ্রহণ কম হওয়ায় আক্ষেপ প্রকাশ করে ইউএনও বলেন, অনেক শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেও প্রতিযোগিতায় অংশগ্রহণ না করায় সীমিত সংখ্যক অংশগ্রহণকারীর মধ্য থেকেই বিজয়ী নির্ধারণ করতে হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট নেতা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পরে ২৯ জন শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষকদেরও সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) আ খ ম বাহাউদ্দিন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) মমতাজ বেগম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) মো. খাইরুজ্জামান, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) তফুরা ইয়াসমিন, শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) শ্যামল কুমার বাড়ৈ ও শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) ফরিদা ইয়াসমিনকে সম্মাননা জানানো হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্বীকৃতি প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে বক্তারা বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *