কচুয়া প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামের আলোচিত ফাতেমা বেগম হত্যা মামলার অভিযুক্ত ইয়াছিন মিয়াজীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান।
সকালে বেরকোটা গ্রামের মিয়াজী বাড়ির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি উত্তর বেরকোটা সড়কে গিয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে পরিণত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা মো. হুমায়ুন কবির মিয়াজী, বিএনপি নেতা মোতালিব প্রধান, আব্দুল হান্নান, আব্দুল মতিন, নিহত ফাতেমা বেগমের ছেলে শাখাওয়াত হোসেন, জামাতা মিজানুর রহমান চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমবে এবং সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে।
প্রসঙ্গত, গত রবিবার রাতে কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে ফাতেমা বেগমের বাড়িতে সিধ কেটে প্রবেশ করে একই গ্রামের বগু মিয়াজীর ছেলে ইয়াছিন মিয়াজী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। পরে ঘর থেকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

