বেগুন ক্ষেতের আড়ালে গাঁজা চাষ, ফরিদগঞ্জে যুবক গ্রেপ্তার

বেগুন ক্ষেতের আড়ালে গাঁজা চাষ, ফরিদগঞ্জে যুবক গ্রেপ্তার

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ফরিদগঞ্জ উপজেলা

শাখাওয়াত হোসেন মিন্টু : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা-এ বেগুন ক্ষেতের আড়ালে গাঁজা চাষের অভিযোগে মো. নজরুল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) দিবাগত রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের দেইচর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার ক্ষেত থেকে প্রায় ৭ ফুট ৬ ইঞ্চি লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম দেইচর গ্রামের নয়ানি বাড়ির মৃত শাহাদাত হোসেনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নজরুল ইসলাম পেশাদার কৃষক না হলেও দিনের অধিকাংশ সময় ওই বেগুন ক্ষেতেই অবস্থান করতেন। বিষয়টি স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি করে। পরে জানা যায়, বেগুন চাষের আড়ালে সেখানে নিষিদ্ধ গাঁজার গাছ রোপণ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় পরিচালিত ওই অভিযানে ক্ষেতের ভেতর থেকে বিশালাকৃতির গাঁজা গাছটি উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্টতার অভিযোগে নজরুল ইসলামকে আটক করা হয়।

অভিযানের বিষয়ে থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান জানান, গাঁজা গাছটি অত্যন্ত গোপনে বেগুন ক্ষেতের মধ্যে চাষ করা হচ্ছিল। তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে গাছটি জব্দ এবং অভিযুক্তকে আটক করা হয়েছে।

ফরিদগঞ্জ থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৪ মে) তাকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমির আড়ালে গাঁজা চাষের ঘটনা শনাক্ত হয়েছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *